নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরী উপজেলার চলতি ধেনু নদীতে চাঁদাবাজি ও অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় চাঁদাবাজির কাজে ব্যবহৃত হচ্ছে বলে সন্দেহ করা একটি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করা হয়েছে। তবে ট্রলারে থাকা কয়েকজন ব্যক্তি নদীতে লাফিয়ে পালিয়ে যান।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের পাশে চলতি ধেনু নদীতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান। এ সময় নৌ-পুলিশের সদস্যরাও অভিযানে অংশ নেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, চলতি ধেনু নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের পাশাপাশি বাল্কহেড ও মালবাহী জাহাজ থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে একটি চক্রের বিরুদ্ধে। এসব কর্মকাণ্ড বন্ধ এবং জড়িত ব্যক্তিদের আটক করার লক্ষ্যে উপজেলা প্রশাসন ও নৌ-পুলিশ যৌথভাবে অভিযান চালায়।
অভিযান চলাকালে একটি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করা হয়। এ সময় ট্রলারে থাকা কয়েকজন ব্যক্তি নদীতে লাফিয়ে পালিয়ে যান। পরে জব্দ করা ট্রলারটি খালিয়াজুরী থানায় নেওয়া হয়।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন ট্রলার জব্দের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, চলতি ধেনু নদীতে অবৈধ বালু উত্তোলন ও চাঁদাবাজি বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান গণমাধ্যমকে বলেন, চলতি ধেনু নদীতে অবৈধ বালু উত্তোলন এবং বাল্কহেড ও মালবাহী জাহাজ থেকে চাঁদা আদায়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। নদীকে অবৈধ বালু উত্তোলন, দখল ও চাঁদাবাজিমুক্ত করতে প্রশাসনের কার্যক্রম চলবে।
মন্তব্য করুন