
ভালুকা প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকা উপজেলায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) কার্যালয়ের লাইনম্যান শফিকের বিরুদ্ধে অফিসসংলগ্ন গাছের ডালপালা কেটে বিক্রি এবং পাশের মাঠ ভাড়া দেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে এলাকায় ক্ষোভ বিরাজ করছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অফিস প্রাঙ্গণের কয়েকটি গাছের বড় বড় ডাল কেটে ফেলা হয়েছে। কাটা ডাল দ্রুত সরিয়ে নিতে দেখা গেছে কয়েকজন কর্মচারীকে। স্থানীয়দের দাবি, লাইনম্যান শফিকের নির্দেশেই এসব ডাল কাটা হয়েছে এবং সেগুলো বিক্রি করা হচ্ছে।
টিএন্ডটি মোড় এলাকার বাসিন্দা আশরাফ উদ্দিন অভিযোগ করেন, গাছ ছাঁটাইয়ের কথা বলে বড় বড় ডাল কেটে সঙ্গে সঙ্গে সরিয়ে নেওয়া হচ্ছে। তার দাবি, এগুলো বিক্রির জন্যই নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, অফিসসংলগ্ন মাঠে আগে শিশু-কিশোররা খেলাধুলা করত।
বর্তমানে মাঠের একটি অংশ ভাড়া দেওয়ায় সেখানে আর খেলাধুলা করা যাচ্ছে না। নিয়মিত অফিসে উপস্থিত না থাকা এবং সরকারি অফিসের ইন্টারনেট ব্যবহারের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগও তোলেন তিনি।
একই এলাকার বাসিন্দা ফরিদ মিয়া বলেন, এই মাঠে আমরাও খেলাধুলা করতাম। এখন মাঠ ভাড়া দেওয়ায় কেউ খেলতে পারছে না। স্থানীয় আরেক বাসিন্দা সিয়াম জানান, মাঠটি সঠিকভাবে উন্মুক্ত করে দেওয়ার দাবি তাদের।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে লাইনম্যান শফিক সাংবাদিকদের সামনে কথা বলতে রাজি হননি। তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
এ বিষয়ে বিটিসিএল ময়মনসিংহের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আক্কাছুজ্জামান রবি বলেন, ভবনের ছাদ ও স্থাপনা সুরক্ষিত রাখতে আশপাশের গাছ ছাঁটাই করা হয়। ভালুকায় গাছের সংখ্যা বেশি হওয়ায় নিয়ম অনুযায়ী ছাঁটাই করা হয়েছে। গাছের ডাল বিক্রির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে শফিকের সঙ্গে কথা বলতে হবে। মাঠ ভাড়া দেওয়ার অভিযোগ সম্পর্কে তিনি অবগত নন বলেও জানান।

