
নিজস্ব সংবাদদাতা : ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা প্রশাসন টিসিবির ৪৭ বস্তা চাল উদ্ধার করেছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৯টার দিকে এই চালগুলো উদ্ধার করা হয়।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, টিসিবির কার্ডধারীদের মধ্যে চালগুলো বিতরণ করার কথা ছিল। কিন্তু টিসিবির ডিলার আব্দুস সালাম চালগুলো অন্য বস্তায় ভরে কার্ডধারীদের কাছে না পাঠিয়ে ব্যবসায়ীদের কাছে বিক্রি করার চেষ্টা করছিলেন। বিষয়টি এলাকায় প্রকাশ পেলে উত্তেজনা সৃষ্টি হয়। পরে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে চালগুলো জব্দ করে।
হালুয়াঘাট উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আবু রায়হান গণমাধ্যমকে জানান, ডিলার টিসিবির চাল বস্তা পাল্টে বিক্রি করছিল। রাতের অভিযানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে ইউনিয়ন পরিষদের তালা ভেঙে টিসিবির চাল উদ্ধার করা হয়। আগে অবস্থা বেগতিক দেখে ইউনিয়ন পরিষদের সচিবসহ ডিলারের লোকজন পালিয়ে গিয়েছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খান গণমাধ্যমকে জানান, তালাবদ্ধ কক্ষে ৫০ কেজি ওজনের বস্তাগুলো খুলে ২৫ কেজি ওজনের আলাদা বস্তায় চাল ভর্তি করা হয়েছিল। এ সময় ২৫ কেজি ওজনের ৪৭ বস্তা চাল উদ্ধার করা হয়। পাশের কক্ষে আরও ১৪–১৫ বস্তা ৫০ কেজির চাল ছিল
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে ইউনিয়ন পরিষদের সচিবকে শোকজ করা হবে। লিখিত জবাব সন্তোষজনক না হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

