
নিজস্ব সংবাদদাতা : ময়মনসিংহ মহানগরীর আকুয়া ভাঙাপুল মোড় এলাকায় গরিব, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১১ মার্চ) বিকেলে মহানগরীর ৬ ওয়ার্ড এলাকায় এ মানবিক কর্মসূচি আয়োজন করা হয়।
ইফতার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন। তিনি নিজ হাতে অসহায় ও পথচারী মানুষের মাঝে ইফতার সামগ্রী তুলে দেন।
রোকনুজ্জামান সরকার রোকন বলেন, পবিত্র রমজান মাস আত্মসংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজের বিত্তবানদের উচিত এ মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। তিনি বলেন, বিএনপি সবসময় জনগণের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, সমাজের দরিদ্র ও অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই এ ধরনের উদ্যোগের মূল উদ্দেশ্য। পবিত্র রমজানের শিক্ষাকে ধারণ করে সবাইকে মানবিক সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

