স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ময়মনসিংহে অসচ্ছল ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এ আয়োজন করে প্রতিবন্ধী আত্মউন্নয়ন সংস্থা।
শনিবার দুপুরে নগরীর কাঁচিঝুলি এলাকায় অবস্থিত সংস্থাটির মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ময়মনসিংহ জেলা প্রশাসক সাইফুর রহমান।
অনুষ্ঠানে সংস্থার সভাপতি আতাউর রহমান জুয়েল-এর সভাপতিত্বে প্রধান অতিথি প্রতিবন্ধী ব্যক্তিদের হাতে ঈদ সামগ্রী তুলে দেন। এ সময় তিনি বলেন, সমাজের সকল মানুষকে সঙ্গে নিয়েই একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক সমাজ গড়ে তুলতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিরাও সমাজের গুরুত্বপূর্ণ অংশ, তাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সরকারসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, ঈদের আনন্দ সবার মাঝে সমানভাবে ছড়িয়ে দেওয়াই এ ধরনের উদ্যোগের মূল লক্ষ্য। সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের প্রতিবন্ধীদের সহায়তায় এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থাটির আজীবন সদস্য ফয়জুর রহমান আলজিয়া এবং সদস্য মঈন উদ্দিন রায়হান। এছাড়াও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা পর্ব শেষে জেলা প্রশাসক প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের সুবিধার্থে উপহার হিসেবে ছয়টি হুইলচেয়ার বিতরণ করেন। এ সময় উপস্থিত প্রতিবন্ধী ব্যক্তিরা এ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে।
|
১১ অগাস্ট, ২০২৬
