
নিজস্ব সংবাদদাতা: ময়মনসিংহে আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে মহানগর বিএনপি। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে নগরীর হরিকিশোর রায় রোডস্থ দলীয় কার্যালয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনা করা হয়। এতে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কায়কোবাদ মামুন, সদস্য সৈয়দ শরীফ, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
প্রস্তুতি সভায় মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি এবং অন্যান্য আনুষ্ঠানিক কার্যক্রম।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। তাঁর এই ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে সশস্ত্র মুক্তিযুদ্ধে উজ্জীবিত করেছিল।

