
সাইফুল ইসলাম বাবুল: ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়কের অব্যাহতি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে গফরগাঁও প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করে উপজেলা ছাত্রদল।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ২৬ মার্চ গফরগাঁও পৌর এলাকার কলেজ বালু ঘাটে ব্রহ্মপুত্র নদে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিডব্লিউটিএ) খননযন্ত্রে কিছু দুষ্কৃতকারী হামলা চালিয়ে ভাংচুর করে। পরে এ ঘটনায় এগিয়ে আসার কারণে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মোক্তার হোসেন ও অন্যদের উপর হামলা চালানো হয় এবং ১০-১২টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।
ঘটনার দিন কেন্দ্রীয় ছাত্রদল বিজ্ঞপ্তি প্রকাশ করে মোক্তার হোসেনকে দলীয় পদবি থেকে অব্যাহতি দেন। এই মানববন্ধনে বক্তারা আহ্বায়ককে পুনর্বহালের দাবি জানান এবং ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তেরও জোর দাবি জানান।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বিআইডব্লিউটির উপ-সহকারি প্রকৌশলী আকবর হোসেন, খননকারী ঠিকাদার প্রতিষ্ঠানের হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা শ্রমিকদলের সাবেক আহ্বায়ক গফুর হাসান, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস ছালাম বেপারী, উপজেলা যুবদলের আহ্বায়ক সর্দার মোঃ খুররম ও সদ্য অব্যাহতিপ্রাপ্ত আহ্বায়ক মোঃ মোক্তার হোসেন।
মানববন্ধনের পর উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়, যা পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।