
নিজস্ব সংবাদদাতা : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের লক্ষণ নিয়ে নতুন করে ১৯ শিশু ভর্তি হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত তাদের ভর্তি করা হয়। এর ফলে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে এখন পর্যন্ত ৮৭ শিশু ভর্তি রয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল সকাল ৯টা পর্যন্ত ৬৮ শিশু ভর্তি ছিল। আজ সকাল ৯টার মধ্যে তাদের সংখ্যা বেড়ে ৭৮ হয়েছিল। মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত নতুন ৯ শিশুর ভর্তি হওয়ায় মোট ৮৭ হয়েছে। গত দুই দিনে কোনো শিশুর মৃত্যু হয়নি। ১৭ মার্চ থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ১৩১ শিশু ভর্তি হয়েছে, যাদের মধ্যে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।
হামের লক্ষণ নিয়ে ভর্তি হওয়া শিশুদের মধ্যে ১২২ জনের নমুনা সংগ্রহ করে মহাখালীতে অবস্থিত সরকারি ইনস্টিটিউট অব পাবলিক হেলথে পাঠানো হয়েছে। এর মধ্যে ৮৫ জনের ফলাফলে ৪৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
হাম আইসোলেশন ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার মো. মাজহারুল আমিন জানান, ‘ফেব্রুয়ারি থেকে আমরা এক থেকে দুজন করে রোগী পেয়েছি। কিন্তু মার্চের মাঝামাঝিতে হামের লক্ষণযুক্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করে। বর্তমানে ৮০-৯০ শতাংশ শিশু হামের র্যাশ, জ্বর, কাশি, চোখ দিয়ে পানি পড়া ও মুখে ঘা—এই সমস্যা নিয়ে ভর্তি হচ্ছে।’
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, ‘রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালের আটতলার কেবিন এলাকায় ৬৪ শয্যার পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। সেখানে তিনটি মেডিকেল দল গঠন করে চিকিৎসা চলছে।’