নেত্রকোণার কেন্দুয়ায় জমি নিয়ে পূর্ববিরোধের জেরে হামলায় আহত আফতাব উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত আফতাব উদ্দিন উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়নের ফতেপুর কান্দাপাড়া গ্রামের মৃত আব্দুল গণির ছেলে। তিনি কৈলাটি-ফতেপুর শাখা ডাকঘরের রানার হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমি নিয়ে আফতাব উদ্দিনের সঙ্গে তাঁর চাচাতো ভাই একই গ্রামের প্রয়াত উছমান গণির ছেলে ফরিদ মিয়ার বিরোধ চলছিল। এর জের ধরে গত শনিবার (৮ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়নের কৈলাটি ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় আফতাব উদ্দিনকে একা পেয়ে ছুরিকাঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আফতাব উদ্দিনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিন দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়।
নিহতের স্বজনদের অভিযোগ, জমি-সংক্রান্ত বিরোধের জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে। তবে হামলার প্রকৃত কারণ ও ঘটনায় কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে বলে জানিয়েছে পুলিশ।
কেন্দুয়া থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এখন পর্যন্ত এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
|
১২ অগাস্ট, ২০২৬