কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়ায় রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম-২০২৬-এর ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন এবং এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পাবলিক হলে রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রামের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।
রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রামের এমন উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের ইংরেজি শিক্ষায় দক্ষ করে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
নেত্রকোণা-৩ আসনের এমপি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রামের পৃষ্ঠপোষক ড. রফিকুল ইসলাম হিলালীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ-৮ আসনের এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রামের আহ্বায়ক ও সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেসুর রহমান বাঙ্গালী এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা, কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার সানজিদা চৌধুরী, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী, সায়মা শাহজাহান একাডেমির প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া মজনু, প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, নান্দাইল প্রেস ক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খানসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে অনুষ্ঠান শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
মন্তব্য করুন