শেরপুর প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদী পৌর এলাকাকে মাদকমুক্ত করার দাবিতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার রাতে শ্রীবরদী পৌর শহরের উত্তর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আটক দুই ব্যক্তির কাছ থেকে ৯৭টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পরে খবর পেয়ে শ্রীবরদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সীমান্তবর্তী বালিজুরি গ্রামের লাল মিয়ার ছেলে সুজন (২২) এবং হালুয়াহাটি গ্রামের আব্দুল মোতালেবের ছেলে মানিক মিয়া (১৯)।
স্থানীয় বাসিন্দারা জানান, তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে তাঁরা দীর্ঘদিন ধরে শ্রীবরদী পৌর এলাকাকে মাদকমুক্ত করার দাবি জানিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে ইয়াবাসহ ওই দুই ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এদিকে একই রাতে পৌর শহরের উত্তর বাজার এলাকায় স্থানীয় বাসিন্দারা কথিত মাদক ব্যবসায়ী রেজুয়ানকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় বসে রেজুয়ানসহ একাধিক ব্যক্তি প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে গেলেও তাঁদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাঁরা দ্রুত এসব মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম দুই ব্যক্তিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে তিনি বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে থানায় নিয়মিত মাদক মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন