মোহনগঞ্জ প্রতিনিধি : নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা দুই মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না। ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অর্থনৈতিক ক্ষমতা অনুমোদন না হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনুল ইসলাম গত ১ আগস্ট কর্মরত অবস্থায় হাসপাতালে অসুস্থ হয়ে পড়েন। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহে নেওয়ার পথে তিনি মারা যান। এরপর থেকে ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন ডা. অলক কান্তি তালুকদার।
তবে দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত তাঁর নামে হেড অফিস থেকে অর্থনৈতিক ক্ষমতা অনুমোদন না হওয়ায় হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করা সম্ভব হয়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। হাসপাতালটিতে বর্তমানে ১১৮ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভারপ্রাপ্ত কর্মকর্তার অর্থনৈতিক ক্ষমতা অনুমোদনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা ও কাগজপত্র নেত্রকোণার সিভিল সার্জনের মাধ্যমে সংশ্লিষ্ট হেড অফিসে পাঠানো হয়েছে। তবে এখনো অনুমোদনপত্র পাওয়া যায়নি।
এ বিষয়ে নেত্রকোণার সিভিল সার্জন ডা. গোলাম মওলা নাঈম গণমাধ্যমকে বলেন, প্রয়োজনীয় কাগজপত্র প্রায় দেড় সপ্তাহ আগে হেড অফিসে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত অনুমোদনপত্র তাঁর হাতে এসে পৌঁছায়নি।
ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলক কান্তি তালুকদার গণমাধ্যমকে বলেন, ‘আমাদের এখানে ১১৮ জন স্টাফ রয়েছেন। আমার হাতে অর্থনৈতিক ক্ষমতা না থাকায় কর্মকর্তা-কর্মচারীরা দুই মাস ধরে বেতন পাচ্ছেন না।’
এদিকে বেতন-ভাতা বন্ধ থাকায় হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত অর্থনৈতিক ক্ষমতা অনুমোদন করে বেতন-ভাতা পরিশোধের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন