কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়ায় খুঁটিবাহী লরির ধাক্কায় মাহফুজুর রহমান মামুন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে কেন্দুয়া-নেত্রকোনা সড়কের আশুজিয়া ইউনিয়নের রামপুর বাজারসংলগ্ন প্রাইম ডিজিটাল ইনস্টিটিউট/কারিগরি কলেজের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মাহফুজুর রহমান মামুন পূর্বধলা উপজেলার পাইলাটি গ্রামের ফজলুর শেখের ছেলে। তিনি একটি ওষুধ কোম্পানির বিপণন কাজে যুক্ত ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রামপুর বাজারের একটি ফার্মেসিতে নিয়ে গেলে কর্তব্যরত ফার্মাসিস্ট তাঁকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের ধারণা, বিদ্যুতের খুঁটিবাহী একটি লরির ধাক্কায় তিনি আহত হয়ে মারা যেতে পারেন।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, নিহত যুবক পূর্বধলা উপজেলার পাইলাটি গ্রামের ফজলুর শেখের ছেলে মাহফুজুর রহমান মামুন।
ওসি জানান, পরিবারের সঙ্গে যোগাযোগের পর স্বজনেরা এসে কোনো অভিযোগ ছাড়াই ময়নাতদন্ত না করে সোমবার সকালে মরদেহ নিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন