নালিতাবাড়ী প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে অভিযান চালিয়ে ৪৪ বোতল বিদেশি মদসহ মো. সজিব ইসলাম (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪, জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৪টা ২০ মিনিটে উপজেলার নন্নী বাজারসংলগ্ন পাকা সড়কে এ অভিযান চালানো হয়।

এসআরবি-১৪ জামালপুর ক্যাম্পের দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সজিব ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তার হেফাজতে বিদেশি মদ থাকার কথা স্বীকার করেন বলে দাবি করে অভিযানকারী দল।

এসআরবি-১৪ জানায়, পরে তার দেখানো স্থান থেকে বিশেষ কায়দায় রাখা একটি কার্টনের ভেতর থেকে ৪৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

অভিযানকারী দলের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজিব ইসলাম দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে শেরপুরসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন।

পরে গ্রেপ্তার সজিব ইসলামকে উদ্ধার করা মাদক ও অন্যান্য আলামতসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৪।

এসআরবি-১৪ জামালপুর ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।