আগামী পাঁচ বছরে সারাদেশে ২০ কোটি বৃক্ষরোপণের কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জে ২ হাজার গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছে জেলা ছাত্রদল। এর ধারাবাহিকতায় কিশোরগঞ্জের ওয়ালী নেওয়াজ খান কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সংগঠনটি।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম। এ সময় কলেজের অধ্যক্ষ মো. ওয়াহিদুজ্জামান, জেলা ছাত্রদলের সভাপতি শরীফুল ইসলাম নিশাদ, সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওসাদ, সাংগঠনিক সম্পাদক রাহাত ইসলাম সাগরসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মাজহারুল ইসলাম বলেন, আগামী পাঁচ বছরে সারাদেশে ২০ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি নেয়া হয়েছে। এর অংশ হিসেবে কিশোরগঞ্জ জেলা ছাত্রদল ২ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে শোলাকিয়া ঈদগাহ মাঠে বৃক্ষরোপণের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় ওয়ালী নেওয়াজ খান কলেজে বৃক্ষরোপণ করা হচ্ছে। পরবর্তীতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও ধারাবাহিকভাবে এ কর্মসূচি পালন করা হবে।
তিনি আরও বলেন, জেলা ছাত্রদলের এ মহৎ উদ্যোগকে তিনি স্বাগত জানান। একই সঙ্গে সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে অংশ নেয়ার আহ্বান জানান তিনি।
কর্মসূচিতে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই। শুধু চারা রোপণ নয়, রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে।
মন্তব্য করুন