‘ঐতিহ্য, সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ এ প্রত্যয়ে বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহের মুক্তাগাছা প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় মুক্তাগাছা প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ড হয়ে পুনরায় প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।
র্যালির উদ্বোধন ও প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাজমুস ছালেহীন এবং মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম।
এ ছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান খান রতন, সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান জাকারিয়া হারুন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক শামছুল হক, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র শহীদুল ইসলাম শহীদ, পৌর জামায়াতের আমির আফতাব উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুর্শিদুজ্জামান খান সাইফুল, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মুজাহিদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান খান মঞ্জু, কৃষক দলের সভাপতি মুখলেছুর রহমান, জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক শরীফ, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি কাজী রিপন, সহসাধারণ সম্পাদক নূরে হাসানুজ্জামান সোহাগ, সিরাজসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
র্যালি শেষে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সদস্যসচিব ফেরদৌস আলমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি, বিশেষ অতিথি ও জ্যেষ্ঠ সাংবাদিকরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, সাংবাদিকতা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান এবং এলাকার সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের ঐক্য, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্য, স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন