নেত্রকোণার কেন্দুয়া পৌর শহরের পশ্চিম শান্তিবাগ এলাকায় পৌরসভার অনুমোদন ছাড়াই আবাসিক ভবন নির্মাণের অভিযোগে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে ঘটনাস্থল পরিদর্শন করে এ নির্দেশ দেন কেন্দুয়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী। এ সময় কেন্দুয়া পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফারুক ওয়াহিদ, উপসহকারী প্রকৌশলী (সিভিল) রাজু আহমেদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের অভিযোগ, ইকবাল মাস্টার নামে এক ব্যক্তি পৌরসভার বিধি না মেনে ভবন নির্মাণ করায় এলাকায় পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা তৈরি হতে পারে। এতে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে বলে অভিযোগ করেন এলাকাবাসী। এ বিষয়ে পৌর কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগও দেওয়া হয়।

তবে ঘটনাস্থল পরিদর্শনের পর কেন্দুয়া পৌরসভার উপসহকারী প্রকৌশলী (সিভিল) রাজু আহমেদ গণমাধ্যমকে বলেন, ভবন নির্মাণের ক্ষেত্রে পৌরসভার ড্রেন নির্মাণের জন্য প্রয়োজনীয় জায়গা রাখা হয়েছে। তবে ভবনটির নির্মাণকাজ পৌরসভার অনুমোদন ছাড়াই চলছিল। এ কারণে কর্তৃপক্ষের নির্দেশে নির্মাণকাজ বন্ধ রাখতে বলা হয়েছে।

ইউএনও সানজিদা চৌধুরী গণমাধ্যমকে বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১০ সেপ্টেম্বর এ বিষয়ে সভায় আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।