ময়মনসিংহের ফুলপুরে পরিবহনের সময় ২০ বস্তা ডিএপি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ। পরে জব্দ করা সার কৃষকদের কাছে সুলভ মূল্যে বিক্রি করা হয়। বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে ফুলপুর পৌরসভার আমুয়াকান্দা মোড় ও ফুলপুর ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি অটোতে করে ২০ বস্তা ডিএপি সার পরিবহনের সময় স্থানীয় লোকজন গাড়িটি থামিয়ে সারগুলো আটক করেন। এ সময় অটোচালক ঘটনাস্থল থেকে চলে যান। সারগুলো তারাকান্দা থেকে হালুয়াঘাটে নেওয়া হচ্ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তাকে জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধনা ত্রিপুরার নির্দেশনায় উপজেলা কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌসীসহ কৃষি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে সারগুলো জব্দ করেন। পরে সারগুলো কৃষকদের কাছে সুলভ মূল্যে বিক্রি করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌসী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সারগুলো জব্দ করা হয়েছে। জব্দ করা ডিএপি সার বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। সার নিয়ে অনিয়ম রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন