‘অংশগ্রহণই মূল কথা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেস (এমসিপিএইচএস) ও বেলা রিহ্যাবিলিটেশন হাসপাতালের যৌথ উদ্যোগে র্যালি, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে কলেজ ক্যাম্পাস থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে কলেজ মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এমসিপিএইচএসের উপদেষ্টা অধ্যাপক ড. ইকবাল কবির জাহিদ। তিনি বলেন, ব্যক্তি, পরিবার ও সমাজসব ক্ষেত্রে সবার সমান অংশগ্রহণ নিশ্চিত করাই অকুপেশনাল থেরাপির মূল লক্ষ্য। এ বছরের প্রতিপাদ্য আমাদের মনে করিয়ে দেয় যে, শারীরিক বা মানসিকভাবে চ্যালেঞ্জের সম্মুখীন প্রতিটি মানুষের সমাজে সক্রিয়ভাবে অংশগ্রহণের অধিকার রয়েছে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. রোকসানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এমসিপিএইচএসের কো-অর্ডিনেটর সহকারী অধ্যাপক ডা. এম এ কুদ্দুস জাহিদ, বেলা রিহ্যাবিলিটেশন হাসপাতালের সহকারী পরিচালক ইমরান আহমেদ এবং প্রতিষ্ঠানটির হেড অব ফাইন্যান্স, অ্যাকাউন্টস অ্যান্ড এইচআর দিদার হোসেন।
এ ছাড়া বক্তব্য দেন অকুপেশনাল থেরাপি বিভাগের লেকচারার ও ইনচার্জ ডা. সাদিয়া তাসনিম দিয়া এবং সিনিয়র লেকচারার ডা. সুজন আহমেদ। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, অকুপেশনাল থেরাপির মাধ্যমে মানুষের দৈনন্দিন কাজকর্মে সক্ষমতা বৃদ্ধি এবং পরিবার ও সমাজে সক্রিয় অংশগ্রহণের সুযোগ তৈরির বিষয়ে সচেতনতা বাড়ানোই দিবসটি উদ্যাপনের অন্যতম উদ্দেশ্য।
মন্তব্য করুন