নেত্রকোনার দুর্গাপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বিরিশিরি সড়কের দাখিনাইল চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করলেও নিহত নারীর পরিচয় শনাক্ত করতে পারেনি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ডেউটুকন এলাকা থেকে যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা বিরিশিরির দিকে যাচ্ছিল। পথে বিরিশিরি ইউনিয়নের দাখিনাইল মোড়ে অটোরিকশাটি এক পথচারী নারীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। দুর্ঘটনার পর অটোরিকশাচালক গাড়িটি রেখে পালিয়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে যায়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ গণমাধ্যমকে জানান, নিহত নারীর পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে। অটোরিকশাটি থানায় নেওয়া হয়েছে। চালককে শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে।
মন্তব্য করুন