জীপুরের শ্রীপুরে বাবাকে পিটিয়ে হত্যার ঘটনায় আত্মগোপনে থাকা ছেলে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া এলাকায় প্রতিবেশীর বাড়িতে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হন তিনি। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের প্রতিবেশী আল আমিন জানান, বাবাকে পিটিয়ে হত্যার পর থেকে আত্মগোপনে ছিলেন মাদকাসক্ত আনোয়ার হোসেন। পুলিশ ও স্বজনেরা বিভিন্ন স্থানে খোজাখুজি করেও তার সন্ধান পাচ্ছিলেন না। মঙ্গলবার রাত ১০টার দিকে তিনি এক প্রতিবেশীর বাড়িতে মোবাইল ফোন চার্জ দিতে যান। বাড়ির লোকজন তাকে চিনতে পেরে স্থানীয়দের খবর দেন।
পরে স্থানীয়রা এগিয়ে এলে আনোয়ার পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে তাকে আটক করেন তারা। পরে তাঁকে একটি গাছের সঙ্গে বেধে রেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, বাবাকে হত্যার পর থেকে ওই ছেলে আত্মগোপনে ছিলেন। তাঁকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছিল। মঙ্গলবার রাতে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন। নিহতের ভাইয়ের দায়ের করা হত্যা মামলায় তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (২৬ অক্টোবর) ভোর ৫টার দিকে শ্রীপুর উপজেলার সাইটালিয়া গ্রামে নেশার টাকা চাওয়া এবং পারিবারিক কলহের জেরে বাবা আব্দুস সামাদের সঙ্গে বিরোধে জড়ান আনোয়ার। একপর্যায়ে তিনি লাঠি দিয়ে বাবার মাথা ও বুকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে আব্দুস সামাদের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং আলামত সংগ্রহ করে। পরে নিহতের ভাই কামরুল ইসলাম বাদী হয়ে শ্রীপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই আনোয়ার পলাতক ছিলেন।
মন্তব্য করুন