নবনির্মিত পাবলিক লাইব্রেরির মূল ফটকে তালা ঝুলছে। সম্প্রতি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে। ছবি: খবরের কাগজ
৫৩ লাখ টাকার বেশি সরকারি অর্থ ব্যয়ে নির্মাণ করা হয়েছে পাবলিক লাইব্রেরি। কেনা হয়েছে বই, সাজানো হয়েছে পাঠের পরিবেশ। প্রায় দুই মাস আগে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনও করা হয়েছে। তবে তখন থেকে আজ পর্যন্ত পাঠকদের জন্য একটি বারও খোলা হয়নি লাইব্রেরিটি। শিক্ষার্থী ও সাধারণ পাঠকদের জ্ঞানচর্চার সুযোগ তৈরির উদ্দেশ্যে নির্মিত প্রতিষ্ঠানটি এখন পড়ে আছে অব্যবহৃত অবস্থায়। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে থাকা লাইব্রেরিটি চালু না হওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন স্থানীয়রা।
জানা গেছে, উপজেলার শিক্ষার্থী, তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং জ্ঞানচর্চার সুযোগ তৈরির লক্ষ্য নিয়ে উপজেলা পরিষদ চত্বরে পাবলিক লাইব্রেরিটি নির্মাণ করা হয়। এ জন্য সরকারি অর্থ থেকে ব্যয় করা হয় ৫৩ লাখ ৩ হাজার ৩ টাকা। গত ১৫ সেপ্টেম্বর তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান আনুষ্ঠানিকভাবে লাইব্রেরিটির উদ্বোধন করেন।
স্থানীয়দের অভিযোগ, জনকল্যাণমূলক প্রতিষ্ঠান নির্মাণে বিপুল সরকারি অর্থ ব্যয় করা হলেও উদ্বোধনের পর সেটি চালু রাখার বিষয়ে সংশ্লিষ্টদের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। ফলে যে উদ্দেশ্যে লাইব্রেরিটি নির্মাণ করা হয়েছে, তা এখনো পূরণ হয়নি। বিশেষ করে অবসর সময়ে বই পড়া, পাঠ্যবইয়ের বাইরের জ্ঞান অর্জন ও সৃজনশীল চর্চার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা।
সরেজমিন দেখা যায়, উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত লাইব্রেরির প্রধান ফটকে তালা ঝুলছে। দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় প্রবেশপথের সামনে ময়লা-আবর্জনা জমেছে। বাইরে থেকে ভবনটি দেখে বোঝার উপায় নেই, এটি পাঠকদের জন্য নির্মিত একটি গণগ্রন্থাগার।
কিশোরীগঞ্জ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী রেহা কুন্ডু বলেন, ‘পাবলিক লাইব্রেরি উদ্বোধন হয়েছে শুনেছি। তবে কখনো আমাদের সেখানে যাওয়ার জন্য বলা হয়নি। বেশির ভাগ সময়ই এটি বন্ধ দেখি। লাইব্রেরি থাকলেও আমরা কোনো সুবিধা পাচ্ছি না।’
আরেক শিক্ষার্থী সাব্বির ইসলাম শাহ বলেন, ‘আমি এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করি। কিন্তু কোনো দিনই লাইব্রেরিটি খোলা থাকতে দেখিনি। একদিন জানালা দিয়ে উঁকি দিয়ে দেখেছি, ভেতরে বইপত্রসহ প্রয়োজনীয় জিনিসপত্র আছে। তাহলে লাইব্রেরিটি খোলা হচ্ছে না কেন, সেটি জানতে চাই।’
রেজাউল ইসলাম নামে এক শিক্ষার্থী বলেন, ‘উদ্বোধনের পর থেকেই লাইব্রেরিটি বন্ধ পড়ে আছে। এটি চালু থাকলে পড়াশোনার পাশাপাশি আমাদের জ্ঞানচর্চার সুযোগ তৈরি হতো। অবসর সময় বই পড়ে কাটাতে পারতাম। নতুন নতুন বিষয় জানতে পারতাম। কিন্তু বন্ধ থাকার কারণে আমরা সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছি। আমরা চাই, দ্রুত লাইব্রেরিটি চালু করা হোক।’
গাড়াগ্রাম উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আজাদকণ্ঠ পাবলিক পাঠাগারের সভাপতি আজাহারুল ইসলাম বলেন, ‘কিশোরগঞ্জ উপজেলায় একটি পাবলিক লাইব্রেরি নির্মাণ করা হয়েছে। আমি মনেপ্রাণে চাই, এটি দ্রুত পাঠকদের জন্য উন্মুক্ত করা হোক। পাবলিক লাইব্রেরি বা পাঠাগার হচ্ছে একেকটি মুক্ত বিশ্ববিদ্যালয়। এখানে শিক্ষার্থী, তরুণ-তরুণী থেকে শুরু করে সব বয়সী মানুষ বই পড়ার সুযোগ পান। এমনকি বয়োজ্যেষ্ঠরাও এখানে এসে জ্ঞানচর্চা করতে পারেন।’
এ বিষয়ে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান বলেন, ‘জনবল সংকটের কারণে উপজেলা পাবলিক লাইব্রেরিটির কার্যক্রম এখনো শুরু করা সম্ভব হয়নি। লাইব্রেরিটি পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল না থাকায় এটি আপাতত বন্ধ রয়েছে।’ তিনি আরও বলেন, ‘লাইব্রেরিটি চালুর বিষয়ে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে। প্রয়োজনীয় জনবল ও আনুষঙ্গিক ব্যবস্থা নিশ্চিত করা গেলে দ্রুত পাঠকদের জন্য এটি উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।’
মন্তব্য করুন