নিজস্ব প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে পরামর্শক নিয়োগ করে সমীক্ষার কাজ শুরু করেছে সরকার। তবে এ অঞ্চলে বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা থাকলেও আগে বাস্তবায়ন করা হবে বগুড়া বিমানবন্দর প্রকল্প। বগুড়ার কাজ শুরুর পর এক থেকে দুই বছর সময় নিয়ে ময়মনসিংহের প্রকল্প এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ এবং আধুনিক পর্যটন নগরী গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ত্রিশাল উপজেলা পরিষদের রাশেদুল ইসলাম সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মন্ত্রী বলেন, ময়মনসিংহ অঞ্চলে বিমানবন্দর নির্মাণের বিষয়ে ইতোমধ্যে পরামর্শক নিয়োগ করা হয়েছে। বিমানবন্দরে কতটি উড়োজাহাজ চলাচল করতে পারবে, কোন দিক দিয়ে উড়োজাহাজ অবতরণ করবে, অবতরণের পথ কত দূর পর্যন্ত বিস্তৃত হবে এবং বিমানবন্দরের সামগ্রিক সক্ষমতা কেমন হবে, এসব বিষয় নিয়ে সমীক্ষা চলছে। এটি বড় ও জটিল একটি পরিকল্পনা। এ নিয়ে সরকারের অভ্যন্তরীণ কার্যক্রমও চলমান রয়েছে।
তিনি বলেন, বগুড়া বিমানবন্দর প্রকল্পের কাজ অনেক দূর এগিয়েছে। তাই সেটি আগে বাস্তবায়ন করা হবে। বগুড়া দেশের মধ্যবর্তী অঞ্চলে হওয়ায় সেখানে উত্তরাঞ্চলের জেলাগুলোর জন্য পণ্য পরিবহনের একটি কেন্দ্র গড়ে তোলার সম্ভাবনা রয়েছে। বগুড়ার প্রকল্পের কাজ শুরুর পর এক থেকে দুই বছর সময় নিয়ে ময়মনসিংহের বিমানবন্দর প্রকল্প এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
মন্ত্রী আরও বলেন, ময়মনসিংহে বিমানবন্দর নির্মিত হলে শুধু বৃহত্তর ময়মনসিংহ নয়, ঢাকার পরবর্তী উত্তরাঞ্চলের বিস্তৃত এলাকাজুড়ে অর্থনৈতিক কর্মকাণ্ডের নতুন সুযোগ সৃষ্টি হবে। একটি বিমানবন্দর নির্মাণের সঙ্গে বিপুল কর্মযজ্ঞ, কর্মসংস্থান, যোগাযোগব্যবস্থা ও অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন জড়িত। দায়িত্বে থাকাকালে এ প্রকল্প বাস্তবায়ন করতে পারলে তা তাঁর জীবনের একটি মাইলফলক হয়ে থাকবে।
সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মো. মাহাবুবুর রহমান। সভা সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া। আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছুজ্জামান মৃর্ধা ও মঞ্জুরুল ওয়াহেদ নিক্সন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহিদুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এর আগে গত ১১ অক্টোবর ময়মনসিংহে এক অনুষ্ঠানে মন্ত্রী বলেছিলেন, ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের বিষয়টি নতুন নয়। ভবিষ্যতের উন্নয়ন চাহিদা বিবেচনায় নিয়ে ত্রিশালে একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। তখন দ্রুত সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার কথাও জানিয়েছিলেন তিনি।
জাতীয় সংবাদমাধ্যমের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০১০ সালে ঢাকার কাছাকাছি নতুন আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য পরিচালিত প্রাক্-সম্ভাব্যতা সমীক্ষায় সম্ভাব্য স্থান হিসেবে ত্রিশালের নামও বিবেচনায় এসেছিল। তবে পরবর্তী সময়ে ওই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। নতুন করে সরকারের সমীক্ষা শুরুর ঘোষণায় বিষয়টি আবার আলোচনায় এসেছে।
বিমানবন্দর নির্মাণের পরিকল্পনার পাশাপাশি ত্রিশালকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, সরকার ইতোমধ্যে ত্রিশালকে ‘নজরুল সিটি’ হিসেবে ঘোষণা করেছে। এ উপজেলাকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। অল্প কিছুদিনের মধ্যেই পর্যটন এলাকার উন্নয়ন দৃশ্যমান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিমান পরিবহন খাতে আন্তর্জাতিক সহযোগিতার বিষয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক তুরস্ক সফরে দেশটির সঙ্গে বিমান পরিবহন খাতে সহযোগিতার বিষয়টি আলোচনায় এসেছে। তুরস্কের সহযোগিতা পাওয়া গেলে দেশের বিমান পরিবহন খাতের উন্নয়ন কার্যক্রম আরও দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হবে। এ বিষয়ে বিমান পরিবহন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার উদ্যোগও রয়েছে।
কক্সবাজার বিমানবন্দরকে কেন্দ্র করে পর্যটনভিত্তিক আন্তর্জাতিক যোগাযোগ বাড়ানোর পরিকল্পনার কথাও জানান তিনি। এ লক্ষ্যে কাঠমান্ডু, মালয়েশিয়া ও চীনের কুনমিংয়ের সঙ্গে বিমান যোগাযোগ স্থাপনের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী। তাঁর ভাষ্য, কক্সবাজার বিমানবন্দরকে বড় আন্তর্জাতিক বিমানবন্দরের পরিবর্তে পর্যটনকেন্দ্রিক বিমান যোগাযোগের উপযোগী করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
প্রকাশঃ ০৪:৪৮pm, ২০২৬-১১-১২
আপডেটঃ ০৪:৪৮pm, ২০২৬-১১-১২
মন্তব্য করুন