সহিংসতা-নৈরাজ্য প্রতিরোধে ভৈরবে পুলিশের বিশেষ মহড়া
ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পিএম
কিশোরগঞ্জের ভৈরবে যেকোনো ধরনের সহিংসতা ও নৈরাজ্য প্রতিরোধে শহরজুড়ে বিশেষ মহড়া দিয়েছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৪টায় থানা চত্বর থেকে অর্ধশতাধিক পুলিশ সদস্যের একটি দল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় এই মহড়া পরিচালনা করেন ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান।
Advertisements
মহড়া শেষে ওসি মাহবুবুর রহমান বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভৈরব থানা পুলিশ সর্বোচ্চ তৎপর রয়েছে। ১১ নভেম্বর ভৈরব থানা পরিদর্শনে এসেছিলেন আমাদের জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান শেলী স্যার। এসময় তিনি বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছে। স্যারের নির্দেশে আজকে ভৈরবে মহড়া করা হচ্ছে। আমি ভৈরববাসীকে আশ্বস্ত করতে চাই, যারা ভৈরবের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে পুলিশ সর্বদা সজাগ রয়েছে। আমরা সব সময় ভৈরবের সর্বস্তরের শান্তিপ্রিয় মানুষের পক্ষে রয়েছি।
তিনি আরও বলেন, ইতোমধ্যে ভৈরবে চুরি, ছিনতাই ও মাদকের বিরুদ্ধে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। বিশৃঙ্খলাকারীদের প্রতি আমাদের স্পষ্ট বার্তা—ভৈরবে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির কোনো সুযোগ নেই এবং অপরাধীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
মন্তব্য করুন