বাংলা সাহিত্যের ইতিহাসে কিছু নাম কেবল লেখক হিসেবে নয়, সময়ের সাক্ষী ও সমাজের দর্পণ হিসেবেও অমর হয়ে আছেন। তাঁদেরই একজন মীর মশাররফ হোসেন। তাঁর লেখনীতে উঠে এসেছে মানুষের জীবন, সমাজের অসংগতি, জমিদারি শোষণ, ধর্মীয় অনুভূতি ও মানবিক বোধ। কালজয়ী উপন্যাস ‘বিষাদ সিন্ধু’র স্রষ্টা এই সাহিত্যিকের ১৭৯তম জন্মবার্ষিকী আজ।
১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার লাহিনীপাড়ায় জন্ম নেওয়া এই সাহিত্যসাধকের স্মৃতিধন্য জন্মভিটায় এবার বসেছে তিন দিনব্যাপী উৎসবের আয়োজন।
শুক্রবার (১৩ নভেম্বর) থেকে লাহিনীপাড়ায় শুরু হচ্ছে বর্ণাঢ্য এই জন্মোৎসব। লাঠিখেলা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাট্য পরিবেশনা ও গ্রামীণ মেলাসহ নানা আয়োজনে মুখর হয়ে উঠবে কবির জন্মভূমি। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ উৎসবের মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে মীর মশাররফ হোসেনের জীবন, সাহিত্যকর্ম ও অবদান তুলে ধরার চেষ্টা করা হচ্ছে।
শুক্রবার বিকেলে ঐতিহ্যবাহী লাঠিখেলা ও আলোচনা সভার মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন হবে। উদ্বোধন করবেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাইসুল ইসলাম।
এবারের আয়োজনের বিশেষত্ব হলো, অতীতে কবির জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠান হলেও এবারই প্রথম তিন দিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, বর্ধিত এই আয়োজনের মধ্য দিয়ে শুধু জন্মবার্ষিকী উদযাপন নয়, বরং সাহিত্য ও সংস্কৃতির প্রতি নতুন প্রজন্মের আগ্রহও বাড়বে।
উৎসবের প্রথম দিন বিকেলে লাঠিখেলা ও আলোচনা সভা শেষে মধ্যরাত পর্যন্ত চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাট্য পরিবেশনা। মঞ্চস্থ হবে মীর মশাররফ হোসেনের কালজয়ী নাটক ‘জমিদার দর্পণ’। উপজেলা শিল্পকলা একাডেমি ও বিজয় নাট্যগোষ্ঠীর শিল্পীরা নাটকটি পরিবেশন করবেন। আগামী রোববার (১৫ নভেম্বর) রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবির রচিত নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনের এই আয়োজন।
সাহিত্যে এক অনন্য জীবন
১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুমারখালীর লাহিনীপাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মীর মশাররফ হোসেন। তাঁর বাবা মীর মোয়াজ্জেম হোসেন এবং মা দৌলতন নেসা। শৈশব থেকেই সাহিত্য ও জ্ঞানচর্চার প্রতি আগ্রহী হয়ে ওঠেন তিনি। পরবর্তী সময়ে বাংলা সাহিত্যে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেন এই সাহিত্যিক।
উপন্যাস, নাটক, প্রবন্ধ, ধর্মীয় গ্রন্থ ও সংগীত রচনায় ছিল তাঁর অসাধারণ দক্ষতা। শুধু সাহিত্য রচনাতেই সীমাবদ্ধ ছিলেন না, সাংবাদিকতা ও সম্পাদনার কাজেও যুক্ত ছিলেন তিনি। ভারতী, সংবাদ প্রভাকর, মিহির, হাফেজ, আহমদী ও নবরত্নসহ বিভিন্ন পত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হয়েছে।
তাঁর সাহিত্যকর্মের মধ্যে ‘রত্নবর্তী’, ‘বিষাদ সিন্ধু’, ‘উদাসীন পথিকের মনের কথা’, ‘রাজিয়া খাতুন’, ‘তহমিনা’ ও ‘বাঁধাখাতা’ বিশেষভাবে উল্লেখযোগ্য। নাটকের মধ্যে ‘বসন্ত কুমারী’ ও ‘জমিদার দর্পণ’ বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।
তবে মীর মশাররফ হোসেনের নাম উচ্চারিত হলেই সবার আগে মনে আসে ‘বিষাদ সিন্ধু’র কথা। ১৮৮৫ সালে প্রকাশিত এই কালজয়ী গ্রন্থে কারবালার হৃদয়বিদারক ইতিহাসকে সাহিত্যিক আবেগ ও গভীর মানবিক অনুভূতির মধ্য দিয়ে তুলে ধরেছেন তিনি। বাংলা ভাষাভাষী পাঠকের কাছে বইটি আজও সমানভাবে পরিচিত ও সমাদৃত। সময় পেরিয়ে গেলেও এর আবেদন ফুরিয়ে যায়নি।
জন্মভিটা ঘিরে প্রত্যাশা
একজন সাহিত্যিকের জন্মবার্ষিকী কেবল আনুষ্ঠানিকতা নয়, তাঁর সৃষ্টি ও আদর্শকে নতুন করে জানার উপলক্ষ। মীর মশাররফ হোসেনের জন্মভিটা লাহিনীপাড়া সেই ইতিহাসেরই গুরুত্বপূর্ণ স্মারক। এখান থেকেই বাংলা সাহিত্যের এক উজ্জ্বল অধ্যায়ের সূচনা হয়েছিল।
কিন্তু প্রশ্ন হলো, জন্মবার্ষিকীর উৎসবের বাইরেও তাঁর সাহিত্যকর্ম কতটা পৌঁছাচ্ছে নতুন প্রজন্মের কাছে? কতজন শিক্ষার্থী জানে ‘বিষাদ সিন্ধু’র রচয়িতা কুষ্টিয়ারই সন্তান? কতজন পাঠক পড়ছে তাঁর ‘জমিদার দর্পণ’ কিংবা ‘উদাসীন পথিকের মনের কথা’?
এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হলে শুধু প্রতিবছর জন্মবার্ষিকী উদযাপন করলেই চলবে না। প্রয়োজন তাঁর সাহিত্যকর্মের নিয়মিত পাঠ, গবেষণা, আলোচনা, সংরক্ষণ ও প্রচার। জন্মভিটাকে কেন্দ্র করে সাহিত্যচর্চা, পাঠাগার কার্যক্রম, শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং নিয়মিত সাংস্কৃতিক আয়োজন গড়ে তোলা গেলে লাহিনীপাড়া হয়ে উঠতে পারে বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র।
কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাইসুল ইসলাম বলেন, কবির জন্মবার্ষিকী উপলক্ষে ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিন দিনব্যাপী লাঠিখেলা, গ্রামীণ মেলা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মঞ্চনাটকের আয়োজন করা হয়েছে। এসব আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে মীর মশাররফ হোসেনের জীবন ও সাহিত্যকর্ম ছড়িয়ে পড়বে বলে আশা করছি।
তিনি আরও বলেন, বাংলা সাহিত্যে মীর মশাররফ হোসেনের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে কবির জন্মোৎসব জাতীয়ভাবে উদযাপনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করা হবে।
১৭৯ বছর পরও প্রাসঙ্গিক মীর মশাররফ
১৯১২ সালের ১৯ ডিসেম্বর মৃত্যুবরণ করেন মীর মশাররফ হোসেন। কিন্তু তাঁর মৃত্যুতে থেমে যায়নি তাঁর সাহিত্যযাত্রা। ‘বিষাদ সিন্ধু’র প্রতিটি পৃষ্ঠা, ‘জমিদার দর্পণ’-এর প্রতিটি সংলাপ এবং তাঁর অন্যান্য সাহিত্যকর্ম আজও পাঠককে ভাবায়, ইতিহাসের মুখোমুখি দাঁড় করায়।
১৭৯ বছর আগে কুষ্টিয়ার যে মাটিতে জন্ম নিয়েছিলেন তিনি, সেই মাটিতেই আজ তাঁকে স্মরণ করতে আয়োজন করা হয়েছে উৎসবের। লাঠিখেলার ঐতিহ্য, গ্রামীণ মেলার প্রাণবন্ত পরিবেশ, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হবে তাঁর জন্মদিন।
তবে সবচেয়ে বড় সার্থকতা হবে তখনই, যখন জন্মোৎসবের মঞ্চের আলো নিভে যাওয়ার পরও তাঁর সাহিত্য নতুন পাঠকের হাতে পৌঁছাবে। কারণ, একজন প্রকৃত সাহিত্যিকের অমরত্ব কেবল জন্মদিন পালনে নয়, বেঁচে থাকে তাঁর সৃষ্টি, চিন্তা ও মানুষের হৃদয়ে। মীর মশাররফ হোসেন সেই অমরত্বেরই এক উজ্জ্বল নাম।
মন্তব্য করুন