সংবাদদাতা : ময়মনসিংহের ত্রিশালে ডোবা থেকে আ. সালাম (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের পোড়াবাড়ী উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি ডোবায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) রুবেল সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
পুলিশ জানায়, নিহত আ. সালাম পাশের ফুলবাড়ীয়া উপজেলার আছিম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত হযরত আলীর ছেলে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন