দেশে শান্তি, সৃজনশীলতা ও স্থিতিশীল পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও যায়যায়দিন পত্রিকার সম্পাদক শফিক রেহমান। তিনি বলেছেন, নির্বাচিত সরকারকে পাঁচ বছর কাজ করার সুযোগ দিতে হবে। দেশে অরাজকতা ও বিশৃঙ্খলা থাকলে তার প্রভাব শিক্ষাঙ্গনেও ছড়িয়ে পড়বে। এতে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হবে।
শুক্রবার ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
ঢাকা কলেজের শিক্ষার্থীদের উদ্দেশে শফিক রেহমান বলেন, শিক্ষাঙ্গনে সহিংসতা ও অহংকারের পরিবর্তে অহিংসা, ভালোবাসা ও শান্তির চর্চা থাকতে হবে। শিক্ষার্থীরা যেন শান্তির বার্তা ছড়িয়ে দেয়, সেটাই তিনি প্রত্যাশা করেন। দেশে শান্তি ও সৃজনশীলতা না থাকলে শিক্ষা ব্যবস্থার ভিত্তি দুর্বল হয়ে পড়বে বলেও মন্তব্য করেন তিনি।
বাংলা ভাষার মর্যাদা ও মাতৃভাষার ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে শফিক রেহমান বলেন, ঢাকা কলেজের মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের অনুষ্ঠানে বাংলা ভাষার যথাযথ ব্যবহার থাকা উচিত। অনুষ্ঠানের স্মারক বা ব্যানারে ইংরেজি ভাষার ব্যবহার দেখে তিনি আক্ষেপ প্রকাশ করেন। বাংলা আমাদের মাতৃভাষা, এই ভাষার মর্যাদা কেউ কেড়ে নিতে পারবে না।
ভাষা আন্দোলনে ঢাকা কলেজের অবদান তুলে ধরে তিনি বলেন, ভাষা আন্দোলনের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজসহ গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা রয়েছে। ঢাকা কলেজের সাইক্লোস্টাইল মেশিন ব্যবহার করে ভাষা আন্দোলনের প্রচারপত্র ছাপানোর স্মৃতিও তুলে ধরেন তিনি।
নিজের বাবার স্মৃতিচারণ করে শফিক রেহমান বলেন, তার বাবা অধ্যাপক সাঈদ-উর-রহমান ঢাকা কলেজের শিক্ষক ছিলেন। ভাষা আন্দোলনের সময় প্রচারপত্র ছাপানোর কাজে ঢাকা কলেজের সাইক্লোস্টাইল মেশিন ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছিল। তখন মোবাইল ফোন বা আধুনিক যোগাযোগব্যবস্থা ছিল না। ঢাকা থেকে প্রচারিত আন্দোলনের বার্তা এভাবেই দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছিল। ভাষা আন্দোলনকে ঢাকা কেন্দ্রিক আন্দোলন হিসেবে শুরু হলেও তা ক্রমে সারা দেশে ছড়িয়ে পড়ার পেছনে এমন উদ্যোগের ভূমিকা ছিল বলে উল্লেখ করেন তিনি।
বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি শেখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন এই সাংবাদিক। তিনি বলেন, ইংরেজি ভাষাকে অবমূল্যায়ন করা উচিত নয়। ভালো ইংরেজি বলতে ও লিখতে শিখতে হবে। বিবিসি ও অন্যান্য আন্তর্জাতিক সংবাদমাধ্যম দেখে ইংরেজি শেখার পরামর্শ দেন তিনি। তবে মাতৃভাষার মর্যাদা রক্ষা করেই অন্য ভাষায় দক্ষতা অর্জন করতে হবে বলে তাঁর বক্তব্যে প্রতিফলিত হয়।
ঢাকা কলেজের শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, একসময় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে ঢাকা কলেজের অবস্থান ছিল অত্যন্ত মর্যাদাপূর্ণ। এখন সেই অবস্থান ফিরিয়ে আনতে শিক্ষার্থীদের পড়াশোনা, শৃঙ্খলা ও সৃজনশীলতায় এগিয়ে আসতে হবে। ঢাকা কলেজকে আবারও দেশের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করার আহ্বান জানান তিনি।
মন্তব্য করুন