নিজস্ব প্রতিবেদক : শেরপুরের নকলায় সংসদ সদস্যের অনুকূলে বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী উপজেলার ১১১টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বিতরণ করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ মো. খোরশেদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি ও নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ।

এ সময় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও ক্রীড়া শিক্ষক এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসার, তরুণদের ক্রীড়ামুখী করা এবং বিভিন্ন ক্রীড়া কার্যক্রমে উৎসাহ দেওয়ার লক্ষ্যে এসব ক্রীড়া সামগ্রী বরাদ্দ করা হয়। এর অংশ হিসেবে উপজেলার ১১১টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে সংশ্লিষ্টরা গণমাধ্যমকে বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখার পাশাপাশি তাদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা সম্ভব।

তারা জানান, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্রীড়া সামগ্রী সরবরাহের এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে খেলাধুলার পরিবেশকে আরও সমৃদ্ধ করতে সহায়ক হবে।