ডেস্ক রিপোর্ট : ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এবং ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল—মাদক ছেড়ে মাঠে চল’ এ দুটি স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬।

সোমবার (২৫ আগস্ট) বিকেলে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে বেলুন উড়িয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এস. এম. হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। ফুটবল দেশের অন্যতম জনপ্রিয় খেলা উল্লেখ করে তিনি বলেন, তৃণমূল পর্যায়ে এ ধরনের আয়োজন যত বাড়বে, তত বেশি প্রতিভাবান খেলোয়াড় উঠে আসার সুযোগ তৈরি হবে। ময়মনসিংহের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে জেলা প্রশাসনের এ উদ্যোগ প্রশংসনীয় বলেও মন্তব্য করেন তিনি। তিনি তরুণদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার এস. এম. হুমায়ুন কবির বলেন, খেলাধুলা মানুষের শরীর ও মন সুস্থ রাখার পাশাপাশি তরুণদের শৃঙ্খলাবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে তরুণদের দূরে রাখতে তাদের মাঠমুখী করার এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।

তিনি আশা প্রকাশ করেন, জেলা প্রশাসক গোল্ডকাপের মাধ্যমে ময়মনসিংহের প্রত্যন্ত অঞ্চল থেকে নতুন প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের সংসদ সদস্য মুহাঃ কামরুল হাসান মিলন, জেলা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার এবং ময়মনসিংহ রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ জাহিদুল হাসান।

উদ্বোধনী ম্যাচে ময়মনসিংহ সদর উপজেলা ও গৌরীপুর উপজেলা দল মুখোমুখি হয়। ম্যাচ দেখতে বিকেল থেকেই জেলা স্টেডিয়ামে জড়ো হন বিপুলসংখ্যক দর্শক। নির্ধারিত ৭০ মিনিটের ম্যাচ ঘিরে গ্যালারিতে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

উদ্বোধনী ম্যাচের ধারাভাষ্য দেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের ক্রীড়া ধারাভাষ্যকার এম এ মোরাম।

ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত এবারের টুর্নামেন্টে জেলার ১৪টি দল অংশ নিচ্ছে। আগামী ৪ সেপ্টেম্বর ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে এক লাখ টাকা এবং রানার্সআপ দলকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি দুই দলের জন্য ট্রফিসহ অন্যান্য পুরস্কারেরও ব্যবস্থা রয়েছে।

অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য ও যুব উন্নয়ন অধিদপ্তর ময়মনসিংহের উপপরিচালক হারুন অর রশীদ, শহীদুল আমিন খসরু, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মাহাবুবুল আলম, সদস্য এনামুল হক আকন্দ লিটন, জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রতন আকন্দ, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এম এ হান্নান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং জেলার ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি জাতীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় তৈরির সুযোগ সৃষ্টি হবে।

জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ক্রীড়াপ্রেমীরা। তাদের প্রত্যাশা, এ ধরনের আয়োজন নিয়মিত হলে ময়মনসিংহের তৃণমূল পর্যায় থেকে জাতীয় মানের খেলোয়াড় উঠে আসবে। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্ম মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার সুযোগ পাবে।