অনলাইন ডেস্ক : ঢাকার সাভারের পূর্ব শাহিবাগ এলাকায় এক মাদরাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে দুই শিক্ষক ও তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার তিন শিক্ষার্থী অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সাভার মডেল থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান ইশান। পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তি, সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করা হয়। পরে দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুই শিক্ষক হলেন ভোলা জেলার শশীভূষণ থানার নয়আনী এলাকার মো. কাবুলের ছেলে জাবের হোসেন (২১) এবং সিরাজগঞ্জের সলঙ্গা থানার কালিকাপুর এলাকার মো. ইউসুফ আলীর ছেলে মো. কামরুল ইসলাম (২৬)।
পুলিশের তথ্য অনুযায়ী, ভোলার চরফ্যাশন এলাকা থেকে জাবের হোসেন এবং সিরাজগঞ্জের রায়গঞ্জে নিজ বাড়ি থেকে কামরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তিন শিক্ষার্থী অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
এ ঘটনায় গত ২৬ আগস্ট সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১)/৩০ ধারায় একটি মামলা করা হয়েছে। মামলার নম্বর ১১০।
পুলিশ জানায়, অভিযোগটি সামনে আসার পর ঢাকা জেলা পুলিশ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে সাভার ও আশুলিয়া মডেল থানা পুলিশ এবং ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক দল অভিযুক্তদের অবস্থান শনাক্তে কাজ করে। পরে দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, গ্রেপ্তার দুই শিক্ষককে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। আর তিন শিক্ষার্থী অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের কিশোর সংশোধনাগারে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন