নেত্রকোনার মদন উপজেলায় ২০ টন সরকারি চাল জব্দের ঘটনায় করা মামলার প্রধান আসামি এনামুল হক আনারকে (৬০) কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছাম্মৎ মরিয়ম-মুন-মুঞ্জরীর আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট আবুল হাসেম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এর আগে এনামুল হক আনার উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ তিনি নিম্ন আদালতে হাজির হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ মে রাতে মদন উপজেলা থেকে ৬৬৭ বস্তায় ২০ টন সরকারি চাল ট্রাকে করে বারহাট্টা উপজেলার একটি রাইস মিলে বিক্রির জন্য নেওয়া হচ্ছিল—এমন খবরে অভিযান চালায় পুলিশ। পরে উপজেলার হাঁসকুঁড়ি মৈদাম এলাকার সাম্য ফিলিং স্টেশনের সামনে থেকে সরকারি সিলযুক্ত ৬৬৭ বস্তা চালসহ ট্রাকটি জব্দ করা হয়। এ সময় ট্রাকের চালক শামীম মিয়া (৩২) ও সহকারী শাহিন মিয়াকে (৩৪) আটক করা হয়।
খবর পেয়ে মদন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার ঘটনাস্থলে গিয়ে চালগুলো সরকারি বলে নিশ্চিত করেন। পরে তার নির্দেশে পুলিশ চালবোঝাই ট্রাকটি জব্দ করে এবং চালক ও সহকারীকে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় পরদিন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দুলাল মিয়া বাদী হয়ে মদন থানায় মামলা করেন। মামলায় মদন পৌরসভার মনোহরপুর গ্রামের এনামুল হক আনার, জেলা সদরের শামীম মিয়া ও ময়মনসিংহের শাহিন মিয়াকে আসামি করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়। ওই দিনই চালক ও তার সহকারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মামলা হওয়ার পর এনামুল হক আনার আত্মগোপনে চলে যান। পরে উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হলে আজ নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মন্তব্য করুন