মুক্তাগাছা প্রতিনিধি: শিক্ষার্থীদের বেতন, ভর্তি ফি ও অন্যান্য বিবিধ ফি অনলাইনে আদায়ের লক্ষ্যে ময়মনসিংহের মুক্তাগাছায় ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে সোনালী ব্যাংক পিএলসি। এর মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনলাইনে ফি পরিশোধের সুযোগ সম্প্রসারিত হবে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় মুক্তাগাছা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এসব চুক্তি স্বাক্ষরিত হয়। সোনালী ব্যাংকের ময়মনসিংহ প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার নূরুল আলম আজাদ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানদের সঙ্গে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
সোনালী ব্যাংক পিএলসি, ময়মনসিংহের জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মো. মাহমুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র, সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সালেহীন, মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম এবং সোনালী ব্যাংক ময়মনসিংহের সহকারী মহাব্যবস্থাপক তুহিনুল ইসলাম ও রায়হানা আফরোজ।
সোনালী ব্যাংক মুক্তাগাছা শাখার সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ কবির হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে সঞ্চালনা করেন সোনালী ব্যাংক ময়মনসিংহ প্রিন্সিপাল অফিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মৃধা বিলকিছ।
অনুষ্ঠানে নবারুণ বিদ্যানিকেতন, এনএন পাইলট বারিকা বিদ্যালয়, একেএম মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়, মনিরামবাড়ী বালিকা আলিম মাদ্রাসা, খুকশিয়া উচ্চ বিদ্যালয়, দুল্লা উচ্চ বিদ্যালয়, আর্মড পুলিশ ব্যাটালিয়ন আদর্শ উচ্চ বিদ্যালয়, নজরুল ইসলাম হাই স্কুল, সমাজকল্যাণ মুসলিম উচ্চ বিদ্যালয় ও খামারের বাজার উচ্চ বিদ্যালয়সহ মোট ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা উপস্থিত থেকে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার নূরুল আলম আজাদ বলেন, সোনালী ব্যাংক পিএলসি উদ্ভাবিত ‘সোনালী পেমেন্ট গেটওয়ে’র মাধ্যমে শিক্ষার্থীদের বেতন, ভর্তি ফি ও অন্যান্য ফি অনলাইনে আদায় করা হবে। সরকারের ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ব্যাংকটি এ উদ্যোগ গ্রহণ করেছে।
অনুষ্ঠানে সোনালী ব্যাংকের ময়মনসিংহ প্রিন্সিপাল অফিস ও মুক্তাগাছা শাখার কর্মকর্তা এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন