শেরপুরের নালিতাবাড়ীতে সরকারি নিয়ম লঙ্ঘন করে অন্য উপজেলায় বিক্রির উদেশ্যে নেওয়ার সময় এক হাজার কেজি টিএসপি ও এমওপি সার জব্দ করে প্রশাসনের কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা। আজ বুধবার সকালে উপজেলার বাইটকামারী হাজির বাজার এলাকায় এসব সার জব্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নালিতাবাড়ীতে বরাদ্দ হওয়া ওই সার অন্য উপজেলার বিক্রির জন্য সরিয়ে নিচ্ছিলেন ডিলার। স্থানীয়রা সেগুলো আটক করে কৃষি বিভাগে খবর দিলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জব্দ করা সার সরকারীভাবে নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করে দেয়। পরে সার বিক্রির টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। এই ঘটনায় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সার বিক্রেতা ও পরিবেশক মেসার্স আজিম ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মালেকের নেতৃত্বে উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমানসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন