নেত্রকোনার মদনে গাঁজা সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল বারী আকন্দ হীরাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) রাত ৯টার দিকে মদন পৌরসভার ফচিকা টিএনটি রোড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকালে তাঁদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন।
গ্রেপ্তার অপর তিনজন হলেন মদন দক্ষিণপাড়া গ্রামের হুমায়ুন কবির (৩২), কাইকুরিয়া গ্রামের মানিক মিয়া (৩২) এবং আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের দেবাদ্দর গ্রামের তারেক মিয়া (২৪)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফচিকা টিএনটি রোড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় গাঁজা সেবনের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও চার থেকে পাঁচজন ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।
এদিকে আব্দুল বারী আকন্দ হীরার দলীয় পদ নিশ্চিত করেছেন মদন পৌর ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান। তিনি জানান, বিষয়টি জেলা ছাত্রদলের সভাপতিকে অবহিত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে জেলা কমিটি তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে বলে তাঁকে জানানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে তাঁদের দোষী হিসেবে গণ্য করা যাবে না।
মন্তব্য করুন