‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে নকলা উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে ফায়ার সার্ভিসের উদ্যোগে অগ্নিকাণ্ডসহ বিভিন্ন প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় মহড়া প্রদর্শন করা হয়। মহড়ায় দুর্যোগকালীন উদ্ধার কার্যক্রম ও তাৎক্ষণিক করণীয় তুলে ধরা হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন শামীম।
সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ মো. খোরশেদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী নকলা উপজেলা শাখার আমির মো. শরিফুল ইসলাম শরিফ।
বক্তারা দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় সাংবাদিক শফিউল আলম লাভলু, আরিফুর রহমান, শফিউজ্জামান রানা, নাহিদুল ইসলাম রিজন ও আল আমিনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
দিবসটির আয়োজনের মাধ্যমে দুর্যোগের ঝুঁকি হ্রাস, আগাম প্রস্তুতি এবং নিরাপদ সমাজ গঠনে জনসচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়।
মন্তব্য করুন