নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় উপকারভোগী নির্বাচনের জন্য মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে তথ্য সংগ্রহ শুরু হচ্ছে। প্রাথমিক পর্যায়ে উপজেলার পাইকুড়া ও সান্দিকোনা ইউনিয়নে এ কার্যক্রম পরিচালিত হবে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্পর্কে অবহিত করতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইউনূস রহমান রনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাথমিক পর্যায়ে তথ্য সংগ্রহের কাজে ১৫ জন কর্মী নিয়োজিত থাকবেন। এ কার্যক্রম সম্পন্ন করতে প্রাথমিকভাবে ৪৫ দিন সময় নির্ধারণ করা হয়েছে।
কার্যক্রমের আওতায় তালিকাভুক্ত পরিবারগুলো প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা আর্থিক সহায়তা অথবা সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পাবে বলে জানানো হয়।
উপকারভোগী নির্বাচনে নারীপ্রধান পরিবার, বিধবা ও স্বামী পরিত্যক্তা নারী, ভূমিহীন, প্রান্তিক চাষি এবং সামাজিকভাবে পিছিয়ে পড়া পরিবারকে অগ্রাধিকার দেওয়া হবে। এ ক্ষেত্রে পিএমটি (প্রক্সি মিনস টেস্টিং) স্কোরিং পদ্ধতির মাধ্যমে যোগ্য পরিবার নির্বাচন করা হবে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ফ্যামিলি কার্ড পেতে কোনো অর্থ দিতে হবে না। কার্ড দেওয়ার নামে কেউ টাকা দাবি করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে স্থানীয় প্রশাসনকে অবহিত করার অনুরোধ জানানো হয়।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন