নিজস্ব সংবাদদাতা : উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ময়মনসিংহ জেলা ইউনিটের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী তিন বছরের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা সৈনিক আব্দুল জব্বার মিলনায়তনে জেলা ইউনিটের আজীবন ও বার্ষিক সদস্যদের উপস্থিতিতে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভার উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন রেড ক্রিসেন্ট ময়মনসিংহ জেলা ইউনিটের চেয়ারম্যান ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। জেলা ইউনিটের সাধারণ সম্পাদক ও জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আনোয়ারুল আজিজ টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কোষাধ্যক্ষ ডা. মোফাখ্খারুল ইসলাম রানা।

এ সময় বক্তব্য দেন জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান অধ্যাপক শফিকুল ইসলাম, সদস্য অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, অধ্যাপক শেখ আমজাদ আলী, কাজী রানা, ফরিদা ইয়াসমিন পারভীন, ডা. মোহাম্মদ আলী, কৃষিবিদ সাহাদাত হোসেনসহ অন্যরা।

প্রধান অতিথির বক্তব্যে ডা. মোফাখ্খারুল ইসলাম রানা বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মানবতার সেবায় কাজ করে। দুর্যোগ, বন্যা, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন মানবিক সংকটে মানুষের পাশে দাঁড়ানো সংগঠনটির অন্যতম মূল লক্ষ্য।

তিনি গণমাধ্যমকে বলেন, মানবিক সেবার পরিধি বাড়াতে স্থানীয় পর্যায়ে স্বেচ্ছাসেবকদের আরও সক্রিয় ও প্রশিক্ষিত করা প্রয়োজন। এ জন্য ময়মনসিংহে রেড ক্রিসেন্ট সোসাইটির নিজস্ব স্থায়ী কার্যালয়, হাসপাতাল ও প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভাপতির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, মানবতার সেবাই রেড ক্রিসেন্টের মূল দর্শন। মানুষের বিপদে পাশে দাঁড়ানো এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জীবন ও জীবিকা রক্ষায় কাজ করা সংগঠনটির অন্যতম দায়িত্ব।

তিনি বলেন, ময়মনসিংহ একটি বিস্তৃত জেলা। শহরের পাশাপাশি প্রত্যন্ত ও দুর্গম এলাকার মানুষের কাছেও রেড ক্রিসেন্টের সেবা পৌঁছে দেওয়া প্রয়োজন। এ জন্য শক্তিশালী স্বেচ্ছাসেবক নেটওয়ার্ক গড়ে তোলা এবং দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা ও প্রশিক্ষণ কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

সাধারণ সভার দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এ এইচ হাবিব খান। এ সময় বক্তব্য দেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আবদুস সোবহান।

অধিবেশনে নির্বাচন কমিশন আগামী তিন বছরের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ময়মনসিংহ জেলা ইউনিটের নতুন কমিটি ঘোষণা করে। নির্বাচন কমিশনের ঘোষণায় কমিটির পদগুলোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন- চেয়ারম্যান: সৈয়দ এমরান সালেহ প্রিন্স (পদাধিকারবলে),ভাইস চেয়ারম্যান: অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক: অ্যাডভোকেট আনোয়ারুল আজিজ টুটুল,

সদস্য: ডা. মোফাখ্খারুল ইসলাম রানা, সদস্য: অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, সদস্য: অধ্যাপক ডা. সাইদুর রহমান, সদস্য: অধ্যাপক শেখ আমজাদ আলী, সদস্য: কাজী রানা। ১১ সদস্যের এই কমিটির বাকি তিন সদস্য কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান নির্বাচিত করবেন বলে জানা গেছে।

নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, আগামী তিন বছরে ময়মনসিংহ রেড ক্রিসেন্ট ইউনিট মানবিক সেবা, দুর্যোগ মোকাবিলা, স্বাস্থ্যসেবা ও স্বেচ্ছাসেবী কার্যক্রমে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।