নেত্রকোনায় আবারও একই রাতে রেললাইনে আগুন, ব্যাংকে নাশকতার চেষ্টা
মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পিএম
নেত্রকোনায় গভীর রাতে রেললাইনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই রাতে সদর উপজেলার কুমড়ী বাজার এলাকায় গ্রামীণ ব্যাংকের রৌহা শাখায় পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টাও করা হয়েছে। তবে ব্যাংকের নিরাপত্তাকর্মীর সতর্কতায় আগুন দিতে ব্যর্থ হয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
Advertisements
সোমবার (১৬ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বাগড়া এলাকায় নেত্রকোনা-ঢাকা রেললাইনে এ ঘটনা ঘটে। একই দিন ভোর ৪টার দিকে রৌহা ইউনিয়নের কুমড়ী বাজার এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন দেওয়ার চেষ্টা করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী তিন দিনের কর্মসূচিকে কেন্দ্র করে বাগড়া এলাকায় কয়েকজন ব্যক্তি রেললাইনের ওপর শুকনো বাঁশ রেখে তাতে আগুন ধরিয়ে দেন। এ সময় রেললাইনের পাতও উত্তোলন করা হয় বলে জানা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে গভীর রাতে সীমিত পরিসরে এ ঘটনা ঘটানো হয় বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, কুমড়ী বাজারে গ্রামীণ ব্যাংকের রৌহা শাখায় ভোর ৪টার দিকে ২-৩ জন ব্যক্তি পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে। এ সময় ব্যাংকের দারোয়ান ও নাইট গার্ড বিষয়টি দেখতে পেয়ে চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ব্যাংকের গেটের বাইরে পাঁচ লিটারের একটি বোতলে মবিল এবং কয়েকটি পেট্রোলভর্তি বোতল পাওয়া যায়।
গ্রামীণ ব্যাংকের রৌহা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, দুর্বৃত্তরা ব্যাংকের সামনের বারান্দায় তালাবদ্ধ গেটের কাছে পেট্রোল ছড়িয়ে আগুন দেওয়ার চেষ্টা করে। এ সময় নিরাপত্তাকর্মী খোকন মিয়া চিৎকার করলে তারা বোতল ফেলে পালিয়ে যায়। ফলে ব্যাংকে আগুন লাগাতে পারেনি।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, বাগড়া এলাকায় রেললাইনের ওপর বাঁশ জ্বালিয়ে আগুন দেওয়ার ঘটনা এবং কুমড়ী এলাকায় গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টার বিষয়টি তিনি জেনেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি।
মন্তব্য করুন