শেরপুরের নালিতাবাড়ীতে কর্মজীবী মহিলা হোস্টেল কাম ট্রেনিং সেন্টারে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কম্পিউটার , টেলিভিশন, এসি, জেনারেটরের যন্ত্রাংশসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে প্রায় ২ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
গত ১১ নভেম্বর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াছমীন নালিতাবাড়ী থানায় সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করে মামলাটি করেন।
মামলা সূত্রে জানা যায়, নালিতাবাড়ী শহরের থানা ও বালিকা বিদ্যালয়সংলগ্ন এলাকায় অবস্থিত হোস্টেলটির কার্যক্রম প্রায় দুই বছর ধরে বন্ধ। নিরাপত্তার জন্য কোনো পাহারাদার না থাকায় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় সিসি ক্যামেরাগুলোও অকার্যকর ছিল। এ সুযোগে চোরচক্র পর্যায়ক্রমে বিভিন্ন মালামাল সরিয়ে নেয়।
গত ১০ নভেম্বর পাশের একটি বাসার আইপিএসের ব্যাটারি চুরির সূত্র ধরে হোস্টেলের চুরির বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার পরিদর্শনে ভবনের বিভিন্ন কক্ষের তালা ভাঙা এবং মালামাল চুরির বিষয়টি নিশ্চিত হয়।
এজাহার অনুযায়ী, চোরেরা ৬৪টি কম্পিউটার, ৪৮ ইঞ্চি টেলিভিশন, ছয়টি এসি, সাবমার্সিবল পাম্প, আইপিএস, জেনারেটরের ব্যাটারি ও তারসহ প্রশিক্ষণের বিভিন্ন সরঞ্জাম চুরি করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান জানান, গ্রেফতার চারজনের মধ্যে আকরাম হোসেন ও শামীম হাসান সাঈদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপর দুজনের পাঁচ দিন করে রিমান্ড আবেদন করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতার ও বাকি মালামাল উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন