অনলাইন ডেস্ক : দেশের ৪ হাজার ৩০০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শেষ করার পরিকল্পনা নিয়েছে কমিশন।
সোমবার নির্বাচন কমিশনের সভা শেষে আয়োজিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি জানান, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে। প্রতিটি ধাপের ভোটগ্রহণ হবে বৃহস্পতিবার।
নির্বাচন কমিশনারের দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ৫০টি ইউনিয়নে ভোট হবে। দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১০০টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজারটি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৮০০টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
কোন উপজেলার কোন ইউনিয়নে কোন ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে, তার বিস্তারিত তালিকা আগামী বৃহস্পতিবারের মধ্যে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানান আবুল ফজল মো. সানাউল্লাহ।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়ে তিনি বলেন, দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবে নির্বাচন কমিশন। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে এ সংলাপ প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও জানান, প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণের অন্তত ৫০ দিন আগে তফসিল ঘোষণা করা হবে।
প্রকাশঃ ০৩:২৩pm, ২০২৬-১১-১৬
আপডেটঃ ০৩:২৩pm, ২০২৬-১১-১৬
মন্তব্য করুন