স্টাফ রিপোর্টার: দেশে চলমান ও ক্রমবর্ধমান পুষ্টির ঘাটতি পূরণের লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিনামূল্যে উন্নতজাতের ফলের চারা বিতরণের কর্মসূচি হাতে নিয়েছে প’জ রেস্কিউ টিম ময়মনসিংহ (পিআরটিএম)।
এই কর্মসূচির অংশ হিসেবে গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ময়মনসিংহ নগরীর গোহাইলকান্দি এলাকায় স্থানীয় বাসিন্দা ও সুধীজনদের মাঝে বিভিন্ন জাতের উন্নত ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়।
এ কার্যক্রমে পিআরটিএম-এর এডমিন জাহানারা পপি এবং ডা. দিশার নেতৃত্বে চারা বিতরণ ও পরিবেশ সংরক্ষণবিষয়ক সচেতনতামূলক আলোচনাও অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মাহমুদুল আলম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সাংবাদিক নিয়ামুল কবির সজল, জাকির হোসেন, সাংবাদিক রুহুল আমিন খান ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পিআরটিএম-এর অ্যাডমিন জাহানারা পপি বলেন, সামাজিক ও মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা এই কর্মসূচির আয়োজন করেছি। দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে হলে আমাদের প্রতিটি পরিবারে কমপক্ষে একটি হলেও ফলদ গাছ থাকা উচিত। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, শুধু চারা বিতরণ নয়, বরং চারা রোপণ, পরিচর্যা এবং ফলন সম্পর্কে সঠিক ধারণাও দেয়া হচ্ছে অংশগ্রহণকারীদের।

