কেন্দুয়া প্রতিনিধি: ‘জুলাই চেতনায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়ায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা এবং বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ ড. রফিকুল ইসলাম হিলালী।
অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী, উপজেলা প্রকৌশলী মিজানুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, জুলাই শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণ করেন। তাঁদের আত্মত্যাগ জাতির জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে বলে বক্তারা উল্লেখ করেন। একই সঙ্গে জুলাইয়ের চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কেন্দুয়া উপজেলায় নিবন্ধিত জুলাই যোদ্ধার সংখ্যা ২২ জন এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদের সংখ্যা তিনজন।
অনুষ্ঠানের শেষে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
|
৬ অগাস্ট, ২০২৬