কিশোরগঞ্জ সংবাদদাতা : কিশোরগঞ্জের বাজিতপুরে সড়ক পার হওয়ার সময় অনন্যা সুপার পরিবহনের একটি বাসের ধাক্কায় হামজা (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর পুলিশ বাসটি আটক করেছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার পিরিজপুর ইউনিয়নের গজারিয়া বাজার এলাকায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হামজা গজারিয়া এলাকার মো. সুজন ও মর্জিনা বেগমের ছেলে। সে মায়ের সঙ্গে ঢাকার মোহাম্মদপুর এলাকায় বসবাস করত।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, হামজা তার মায়ের সঙ্গে ঢাকা থেকে কটিয়াদীতে আসে। পরে সেখান থেকে অটোরিকশায় করে তারা পিরিজপুরের গজারিয়া বাজারে পৌঁছায়। অটোরিকশা থেকে নামার পর হামজা একাই সড়ক পার হওয়ার চেষ্টা করে।
এ সময় ঢাকা থেকে ভৈরব হয়ে কিশোরগঞ্জের দিকে আসা অনন্যা সুপার পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল থেকে চলে যায়। স্থানীয়রা বাসটির নম্বর শনাক্ত করে পুলিশকে জানালে পরে পুলিশ বাসটি আটক করে।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কটিয়াদী হাইওয়ে থানার উপপরিদর্শক নবীনূর রহমান গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। বাসটিও আটক করা হয়েছে।
মন্তব্য করুন