বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে বত্রিশ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত আসলাম কিশোরগঞ্জ শহরের বত্রিশ বাসস্ট্যান্ড এলাকার মো. মোখলেছ উদ্দীনের ছেলে। তিনি পেশায় বিদ্যুৎ শ্রমিক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বত্রিশ এলাকায় একটি বিদ্যুতের খুঁটিতে কাজ করছিলেন আসলাম। কাজের একপর্যায়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটি থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর অবস্থার অবনতি হলে রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজন নজরুল ইসলাম বলেন, ‘আসলাম বিদ্যুতের কাজ করে সংসারে সহযোগিতা করতো। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে এখন কীভাবে সংসার চলবে, সেটাই বড় চিন্তা।’
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবর পেয়েছেন। বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
মন্তব্য করুন