‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি, হাত ধোয়ার প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে র্যালি ও হাত ধোয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পরে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মতিউর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইউনুস রহমান রনি, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. শরীফ ইমতিয়াজ এবং কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, নিয়মিত ও সঠিক পদ্ধতিতে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস ডায়রিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমাতে সহায়তা করে। খাবার গ্রহণের আগে, শৌচাগার ব্যবহারের পর এবং দৈনন্দিন বিভিন্ন কাজের পর হাত পরিষ্কার রাখা জরুরি।
বক্তারা আরও বলেন, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে শিশু-কিশোরদের মধ্যে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
মন্তব্য করুন