শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী বাবলাকোনা এলাকা থেকে ৮ লাখ ৬০ হাজার ৫৫০ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার রাতে কর্ণঝোড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা বাবলাকোনা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল থেকে সরে যান। পরে সেখান থেকে ৮ লাখ ৬০ হাজার ৫৫০ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ গণমাধ্যমকে জানান, সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন