নেত্রকোণার সীমান্ত এলাকায় এক রাত ও পরদিন সকালে পৃথক ৯টি অভিযান চালিয়ে ৯ লাখ ১৫ হাজার ১৬০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৫৭৪ কেজি পার্সিমন ফল, ২৩৭ কেজি কমলা, ৬০ বোতল ভারতীয় মদ, ২২টি কম্বল, চিনি, কয়লা, ফুচকা, হরলিক্স ও প্রসাধনসামগ্রী।
বুধবার (৪ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত এবং বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোর থেকে সকাল পর্যন্ত নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে। তবে অভিযানে কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি। সব পণ্যই মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়েছে।
বাংলাদেশ বর্ডার গার্ড নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, পিএসসি স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিজয়পুর বিওপির টহল দল পশ্চিম বিজয়পুর এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৬৮ হাজার টাকা মূল্যের ১৪০ কেজি ভারতীয় কমলা জব্দ করে। একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে লেংগুড়া বিওপির সদস্যরা চিকনী এলাকা থেকে ১৫ হাজার ৫২০ টাকা মূল্যের ৯৭ কেজি কমলা জব্দ করেন।
এরপর বিকেল ৫টার দিকে লেংগুড়া বিওপির সদস্যরা কাঁঠালবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৪৫ হাজার ১৩০ টাকা মূল্যের ৪৮ কেজি ভারতীয় চিনি ও ৬২ পিস হরলিক্স জব্দ করেন। একই এলাকায় সন্ধ্যা ৭টার দিকে আরেকটি অভিযানে ৫৩ হাজার ৩১০ টাকা মূল্যের ৯৬ কেজি চিনি, ৭৫ কেজি ফুচকা ও ৮৬৮ পিস প্রসাধনসামগ্রী জব্দ করা হয়।
রাত ১০টার দিকে মহেষখোলা বিওপির টহল দল রামনাথপুর এলাকা থেকে ১০ হাজার ৪০০ টাকা মূল্যের ৫২০ কেজি ভারতীয় কয়লা জব্দ করে। রাত ১০টা ৫০ মিনিটে পাঁচগাঁও বিওপির সদস্যরা পাগলামোড় এলাকায় অভিযান চালিয়ে ৫ লাখ ৭৪ হাজার টাকা মূল্যের ৫৭৪ কেজি ভারতীয় পার্সিমন ফল জব্দ করেন। ওই রাতের অভিযানের মধ্যে এটিই ছিল সর্বোচ্চ মূল্যের পণ্য জব্দের ঘটনা।
অন্যদিকে, বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে মুন্সিপাড়া বিওপির সদস্যরা কড়াইগড়া এলাকা থেকে ৯০ হাজার টাকা মূল্যের ৬০ বোতল ভারতীয় মদ জব্দ করেন। সকালে লেংগুড়া বিওপির সদস্যরা কাঁঠালবাড়ী এলাকা থেকে ৬০ হাজার টাকা মূল্যের ১২টি ভারতীয় কম্বল এবং নলুয়াপাড়া বিওপির সদস্যরা বাদামবাড়ী এলাকা থেকে ৫০ হাজার টাকা মূল্যের আরও ১০টি কম্বল জব্দ করেন।
সব মিলিয়ে ৯টি অভিযানে জব্দ করা পণ্যের সিজার মূল্য ৯ লাখ ১৫ হাজার ১৬০ টাকা। জব্দ করা মদ নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং অন্যান্য পণ্য নেত্রকোনা কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন