নেত্রকোনা সংবাদদাতা : নেত্রকোনার মদনে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে আনোয়ারা বেগম (৭০) নামে এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে মদন-নেত্রকোনা সড়কের পৌর এলাকার সিলেট বাসস্ট্যান্ডসংলগ্ন ভূইয়া বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ারা বেগম উপজেলার জাওলা গ্রামের মৃত বুলবুল মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে অটোরিকশায় করে বাড়ি থেকে বের হন আনোয়ারা বেগম। পথে ভূইয়া বাড়ির সামনে হঠাৎ একটি গরুর বাছুর সড়কের মাঝখানে চলে এলে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় অটোরিকশার নিচে চাপা পড়েন তিনি।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহউদ্দীন গণমাধ্যমকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
প্রকাশঃ ০৪:৫১pm, ২০২৬-১১-০৫
আপডেটঃ ০৪:৫১pm, ২০২৬-১১-০৫
মন্তব্য করুন