ময়মনসিংহে ১০২ বোতল ভারতীয় মদ উদ্ধার, দুই ভাই গ্রেপ্তার
ছবি: বার্তা২৪.কম
ময়মনসিংহের ধোবাউড়ায় ১০২ বোতল ভারতীয় মদসহ সহোদর দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় বসত ঘরে অভিযান চালিয়ে ৯৬ বোতল মদ ও ৬ বোতল বিয়ার জব্দ করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের ভেদীকুড়া গ্রামের মো. আব্দুল খালেকের ছেলে আজিজুল হক (২৩) ও হাবিল (২৮)।
সোমবার (২৩ নভেম্বর) বিকালে ময়মনসিংহ জেলা পুলিশের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগে ওই দিন ভোররাতে উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের ভেদীকুড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ধোবাউড়া থানার পুলিশ জানতে পারে যে, দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের ভেদীকুড়া গ্রামে বিপুল পরিমান ভারতীয় মদ মজুদ আছে। বিষয়টি জানার সাথে সাথে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলামের নেতৃত্বে এসআই হারুন, এসআই আজিজুল হাসান ও সঙ্গীয় ফোর্স নিয়ে ভেদীকুড়া গ্রামে অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় আজিজুল হকের বসতঘরের মাচার নিচ থেকে ৮ বস্তায় ৮০ বোতল এবং হাবিলের বসতঘরের সামনের লাকড়ির নিচ থেকে ২ বস্তায় ১৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এছাড়া হাবিলের দেখানো মতে একটি বস্তা থেকে ৬ বোতল ভারতীয় বিয়ার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের বাজার মুল্য ৪ লাখ ২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এবিষয়ে ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু এবং তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
জাতীয় সর্বশেষ খবর
বাংলাদেশি যেকোনো মিশনে গেলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সাইবার সুরক্ষা আইন নিয়ে কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
শেখ হাসিনার দেশে ফেরার আবদার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আসুক না! দেশে এলে তাকে গ্রেপ্তার করা হবে, জেলে পাঠানো হবে। ব্যাস। তিনি বাংলাদেশের যেখানেই যাবেন, (মিশনে গেলেও) সেখানেই তাকে গ্রেপ্তার করা হবে।
শামা ওবায়েদ বলেন, কেউ মানবতাবিরোধী অপরাধ করলে, তার পাসপোর্ট বাতিল হয়, আর দেয়া হয় না। এটা বর্তমান সংবিধানেই আছে।
‘শেখ হাসিনা দণ্ডপ্রাপ্ত আসামি। অন্য আসামিদের ব্যাপারে যে বিধান আছে, তার ব্যাপারেও একই নিয়ম হবে। তাই এ আলোচনা করে সময় নষ্ট হচ্ছে সবার’, যোগ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
ব্রিফিংয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানান, সাইবার সুরক্ষা আইন নিয়ে সব অংশীদারের সঙ্গে আলাপ করে আপত্তিগুলো খতিয়ে দেখা হবে।
মো. আসাদুজ্জামান বলেন, সাইবার আইনের সব কিছুই স্পষ্ট করার চেষ্টা করেছি, কোনো ভেইগ টার্ম থাকবে না।
পাকিস্তানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে লাল গালিচা সংবর্ধনা
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে ছয় সদস্যের সংসদীয় প্রতিনিধিদল নিয়ে পাকিস্তান পৌঁছেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
সোমবার (২৩ নভেম্বর) রাতে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।
বিমানবন্দরে তাকে স্বাগত জানান পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক। এ সময় পাকিস্তানের জাতীয় পরিষদের বাংলাদেশ-পাকিস্তান পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের আহ্বায়ক ড. শাজিয়া সোবিয়া আসলাম সুমরো এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান উপস্থিত ছিলেন।
সফরকালে ২৪ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত পাকিস্তানের ইসলামাবাদ, লাহোর ও করাচি সফর করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
প্রতিনিধিদলে তার সঙ্গে রয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও নিলোফার চৌধুরী মনি।
‘শেখ হাসিনার জন্য এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া কিছু নয়’
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে এয়ারক্রাফট পাঠানোর দাবিকে হাস্যকর বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
তিনি বলেছেন, একজন পলাতক আসামির জন্য এয়ারক্রাফট চাওয়ার ঘটনা পৃথিবীতে নজিরবিহীন। এ ধরনের দাবি উন্মাদনা ছাড়া আর কিছুই নয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
চিফ প্রসিকিউটর বলেন, যে মুখপাত্র এয়ারক্রাফট চাওয়ার দাবি করেছেন, তার এই বিবৃতি উন্মাদনা ছাড়া আর কিছুই নয়। একজন পলাতক আসামির পক্ষে অন্য কেউ এয়ারক্রাফট চাওয়ার ঘটনা পৃথিবীতে বিরল। এ ধরনের দাবি মোটেই গ্রহণযোগ্য হতে পারে না।
বিদেশে পলাতক আসামিদের তৎপরতা প্রসঙ্গে আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশের ভূখণ্ডের ভেতরে তারা কোনো কর্মকাণ্ড চালাচ্ছেন না। অন্য কোনো দেশে আসামিদের তৎপরতার বিষয়ে কূটনৈতিক চ্যানেলে জানানো ছাড়া কিছু করার নেই। বিভিন্ন দেশে তাদের তৎপরতা গণমাধ্যমের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি।
তিনি বলেন, পলাতক নেতাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে আওয়ামী লীগের সদস্যরা যে সন্ত্রাসী, দুষ্কৃতকারী ও খুনি, তা তারা নিজেরাই বিশ্বের কাছে প্রমাণ করছেন। এসব আসামিকে দেশে ফিরিয়ে আনতে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে।
আওয়ামী লীগের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, নিজেদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে আওয়ামী লীগ যদি সন্ত্রাসী সংগঠন হিসেবে নিজেদের প্রমাণ করে, তাহলে বিচারের মাধ্যমে এই সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার ও ট্রাইব্যুনাল হয়তো বাধ্য হবে।
সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচারের অগ্রগতি সম্পর্কে তিনি জানান, দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের বিরুদ্ধে একটি অভিযোগ রয়েছে। সন্ত্রাসী সংগঠন হিসেবে দলটির বিচার চাওয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষ হলে যথাসময়ে গণমাধ্যমকে অবহিত করা হবে।
স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে নোয়াখালীর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) সকাল ১১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ করে।
এর আগে, সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারে ঢাকা থেকে রওনা হন প্রধানমন্ত্রী।
স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী দেখবেন এবং অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।
বিশেষ এই মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেবে।
মহড়া পরিদর্শন শেষে আজ বিকেলে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।
মন্তব্য করুন