ময়মনসিংহ-১০ (গফরগাঁও-দক্ষিণ গফরগাঁও) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেছেন, দেশের তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া আলেম-ওলামাদের সবচেয়ে বেশি সম্মান করতেন। আমরা দেখেছি, তিনি আলেম সমাজের প্রতি সব সময় গভীর শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করেছেন।
শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সন্ত্রাস ও মাদক নির্মূলের লক্ষ্যে গফরগাঁও, দক্ষিণ গফরগাঁও ও পৌরসভার সর্বস্তরের আলেম-ওলামাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গফরগাঁও জেলা পরিষদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেন, বেগম খালেদা জিয়া আলেম-ওলামাদের যে সম্মান ও মর্যাদা দিয়েছেন, তা আমরা প্রত্যক্ষ করেছি। অথচ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের কর্মসূচিকে কেন্দ্র করে রাতের অন্ধকারে বহু আলেম-ওলামাকে হত্যার অভিযোগ রয়েছে। বিগত সরকারের কঠোর সমালোচনা করে তিনি আলেম সমাজের প্রতি ওই সরকারের আচরণের বিষয়টি তুলে ধরেন।
বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে সংসদ সদস্য বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য মাসিক বেতন প্রদানের ব্যবস্থা চালু করেছেন। ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে দেশের বিভিন্ন উপজেলায় নতুনভাবে মডেল মসজিদ নির্মাণের পরিকল্পনাও গ্রহণ করেছে সরকার। আলেম-ওলামাদের মর্যাদা বৃদ্ধি এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সরকারের এসব উদ্যোগের বিষয়টি তিনি তাঁর বক্তব্যে বিশেষভাবে তুলে ধরেন।
মতবিনিময় সভায় স্থানীয় পর্যায়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ এবং মাদকের বিস্তার রোধের বিষয়গুলো গুরুত্ব পায়। বিশেষ করে গফরগাঁও, দক্ষিণ গফরগাঁও ও পৌরসভা এলাকায় শান্তিপূর্ণ সামাজিক পরিবেশ বজায় রাখতে আলেম-ওলামাদের সম্পৃক্ত করে সম্মিলিত উদ্যোগ নেওয়ার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
সভায় আরও বক্তব্য দেন গফরগাঁও উপজেলা ওলামা সমিতির সভাপতি হাফেজ মাওলানা নুরুল ইসলাম, মাসিক মদীনার সম্পাদক আহমদ বদরুদ্দীন খান প্রমুখ। মতবিনিময় সভায় গফরগাঁও, দক্ষিণ গফরগাঁও ও পৌরসভা এলাকার সর্বস্তরের আলেম-ওলামারা অংশ নেন। গতকাল বিকেলে শুরু হওয়া এ মতবিনিময় সভা রাত ১১টা পর্যন্ত চলে।
মন্তব্য করুন